আগামী ২৫ থেকে ৩০ ডিসেম্বর বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ৪৪তম সর্বভারতীয় জুনিয়র ভলিবল প্রতিযোগিতা। উদ্বোধন করবেন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। বর্ধমান জেলা ভলিবল ও বাস্কেটবল সংস্থার সাধারণ সম্পাদক বনবিহারী যশ জানিয়েছেন, ভারতবর্ষের ২৫টি রাজ্য সহ সাই-এর ছেলে ও মেয়েদের টিম এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
ছেলে ও মেয়েদের মোট ৪৮টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে প্রায় ৬১ লক্ষ টাকা। উল্লেখ্য, ভলিবলের সিনিয়র গ্রুপের অবস্থান অনুযায়ী বর্তমানে ভারত ২৬তম স্থানে রয়েছে। জুনিয়র গ্রুপের অবস্থান ৪৬তম। তিনি জানান, এই জুনিয়র ভলিবল প্রতিযোগিতা থেকেই ভারতের জুনিয়র ভলিবল টিম গঠন করা হবে।
বর্ধমানে অনুষ্ঠিত প্রথম এই জুনিয়র ন্যাশনাল ভলিবল প্রতিযোগিতার খেলাগুলিকে শহরের বিভিন্ন মাঠে ছড়িয়ে দেওয়া হয়েছে। অগ্রদূত সংঘ, তরুণ সংঘ ছাড়াও লোকো মাঠেও বিভিন্ন লিগ পর্যায়ের খেলাগুলি অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনাল থেকে সমস্ত ছেলেদের খেলা অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরই পাশাপাশি মেয়েদের সমস্ত খেলাই অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ছেলেদের মোট ২৬টি এবং মেয়েদের মোট ২২টি টিম অংশ নিচ্ছে। অনুর্ধ ১৮র এই প্রতিযোগিতায় হাজির থাকছেন ভলিবল ফেডারেশন অব ইণ্ডিয়ার প্রেসিডেণ্ট রথীন রায়চৌধুরী, সাধারণ সম্পাদক রামঅবতার সিং জাখোড় এবং জাতীয় কোচ দ্রোণাচার্য ও অর্জুন পুরষ্কারপ্রাপ্ত জি ই শ্রীধরন। এই প্রতিযোগিতার জন্য পদাধিকার বলে জেলাশাসক ছাড়াও জেলা ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বনবিহারী যশ, যুগ্ম সম্পাদক উত্তম সেনগুপ্ত, কাউন্সিলার খোকন দাস এবং প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিককে নিয়ে একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়েছে।






